মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন করার নিয়ম জানা জরুরী একটি বিষয়।।
যেকোন জায়গায় যাতায়াতের অন্যতম জনপ্রিয় এবং সহজ মাধ্যম হলো মোটরসাইকেল বা বাইক।
আমাদের মধ্যে অনেকেই বাইক কেনার সময় নতুন বাইক কিনে থাকি।
আবার অনেকেই সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনে ব্যবহার করে থাকি।
সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনাবেচার পর সবথেকে গুরুত্বপূর্ণ হল মালিকানা পরিবর্তন এর নিয়ম জানা।
অনেকেই মনে করেন, বাইক কেনা বা বিক্রির সময় কেবল টাকা লেনদেন আর স্ট্যাম্পে সই করলেই কাজ শেষ।
কিন্তু বিআরটিএ-র রেকর্ডে নাম পরিবর্তন করা জরুরি।
নাম পরিবর্তন না করলে বিক্রেতা এবং ক্রেতা উভয়ই ভবিষ্যতের সমস্যার সম্মুখীন হতে পারেন।
এই ব্লগে আমরা জানব, কিভাবে মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন করতে হয়, এতে কত ফি লাগে ও কি কি কাগজপাতির প্রয়োজন হয়।
বাইকের মালিকানা পরিবর্তন হলো একটি সঠিক নিয়মে বাইকের বিক্রেতার বাইকের সকল রেকর্ড থেকে নাম পরিবর্তন করে নতুন ক্রেতার নামে করা।
ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (স্মার্ট কার্ড) নতুন মালিকের নামে না থাকলে ভবিষ্যতে দুর্ঘটনা বা অপরাধজনিত সমস্যায় প্রকৃত মালিককে দায়ী করা হতে পারে।

মালিকানা পরিবর্তন না করলে ট্যাক্স টোকেন বা ফিটনেস নবায়ন করা সম্ভব হয় না।
নাম পরিবর্তন ছাড়া পুনরায় মোটরসাইকেলটি বিক্রি করা কঠিন এবং এর বাজারমূল্য কমে যায়।
সহজ কথায়, বিআরটিএ (BRTA) এর রেকর্ডে পূর্বের মালিকের নাম সরিয়ে নতুন ক্রেতার নাম অন্তর্ভুক্ত করাই হলো মালিকানা পরিবর্তন।
বাইকের মালিকানা পরিবর্তন কেন গুরুত্বপূর্ণ
মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
কেননা এতে ক্রেতা ও বিক্রেতা উভয়েই নিরাপদে থাকতে পারেন।
দেখে নিন বাইকের মালিকানা পরিবর্তন করার প্রয়োজনীয়তা গুলি কি কি-
১. বিক্রেতার আইনগত সুরক্ষা
আপনি যদি আপনার মোটরসাইকেলটি বিক্রি করে মালিকানা পরিবর্তন না করেন, সেক্ষেত্রে আইনগতভাবে মোটরসাইকেলটির মালিক আপনি হবেন।
পরবর্তীতে আপনার ক্রেতা সেই মোটরসাইকেল দিয়ে কোন প্রকার অপরাধ মূলক কাজ করলে, পুলিশ এসে আপনাকে ধরবে।
২. ক্রেতার ক্ষেত্রে ট্যাক্স টোকেন নবায়নে সমস্যা
বাইক কেনার পর মালিকানা পরিবর্তন না করলে আপনি এর ট্যাক্স টোকেন বা ফিটনেস নবায়ন করতে পারবেন না।
কারণ এই কাগজগুলো নবায়ন করতে হলে মূল মালিকের স্বাক্ষর বা তথ্যের প্রয়োজন হয়।
৩. ইন্স্যুরেন্স বা বীমা সুবিধা
দুর্ঘটনাজনিত কারণে যদি বাইকের ক্ষতি হয়, তবে বীমার টাকা দাবি করার জন্য মালিকানা নিজের নামে থাকা আবশ্যক।
৪. পুনরায় বিক্রয়ে সমস্যা
ভবিষ্যতে আপনি যদি বাইকটি আবার বিক্রি করতে চান।
তবে আপনার নিজের নামে স্মার্ট কার্ড না থাকলে কোনো সচেতন ক্রেতা সেটি কিনতে চাইবেন না।
৫. ট্রাফিক মামলা ও জরিমানা
বর্তমানে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমে অনেক সময় ভিডিও ফুটেজ দেখে মামলা দেওয়া হয়।
মালিকানা পরিবর্তন না থাকলে মামলার মেসেজ ও জরিমানা পূর্বের মালিকের কাছে চলে যাবে, যা উভয় পক্ষের জন্য সমস্যা তৈরি করবে।
মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র
বাইকের মালিকানা পরিবর্তনের জন্য ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষকেই কিছু সুনির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হয়।
নিচে বিআরটিএ (BRTA) নির্ধারিত প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেওয়া হলো:
১. ক্রেতার পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র:
১. ক্রেতার এনআইডি (NID) কার্ডের সত্যায়িত ফটোকপি।
২. ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩. বর্তমান ঠিকানার স্বপক্ষে বিদ্যুৎ বিল বা টেলিফোন বিলের কপি।
৪. যদি মোটরসাইকেলটি উচ্চ সিসির হয় বা করদাতার ক্ষেত্রে প্রযোজ্য হয়।
২. বিক্রেতার পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র:
১. ডিজিটাল স্মার্ট কার্ড বা ব্লু-বুক (মূল কপি)।
২. বিক্রেতার এনআইডি (NID) কার্ডের ফটোকপি।
৩. বাইকেরহালনাগাদ বা আপডেট করা ট্যাক্স টোকেনের কপি।
মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন এর সম্পূর্ণ নিয়ম
বাংলাদেশে মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের প্রক্রিয়াটি এখন বেশ সহজ।
আপনি যদি কোনো ব্যবহৃত মোটরসাইকেল কেনেন বা বিক্রি করেন, তবে বিআরটিএ (BRTA) নির্ধারিত নিয়ম মেনে মালিকানা পরিবর্তন করতে হবে।
নিচে সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে দেওয়া হলো:
১. প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ (ক্রেতা ও বিক্রেতা)
মালিকানা পরিবর্তনের জন্য ক্রেতা ও বিক্রেতা উভয়কেই কিছু নির্দিষ্ট ফরম ও নথিপত্র প্রস্তুত করতে হয়:
বিক্রেতার জন্য: মূল স্মার্ট কার্ড (রেজিস্ট্রেশন সার্টিফিকেট), হালনাগাদ ট্যাক্স টোকেন, ২০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বিক্রয় হলফনামা (নোটারি করা), এবং বিক্রেতার NID কার্ডের কপি।
ক্রেতার জন্য: পূরণকৃত টিও (TO) ও টিটিও (TTO) ফরম, ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, NID কার্ডের কপি এবং বর্তমান ঠিকানার প্রমাণ (যেমন বিদ্যুৎ বিলের কপি)।
২. নির্ধারিত ফি জমা দেওয়া
বিআরটিএ নির্ধারিত ব্যাংকে (যেমন: এনআরবিসি, ওয়ান ব্যাংক, ঢাকা ব্যাংক ইত্যাদি) মালিকানা পরিবর্তনের ফি জমা দিতে হবে।
ফি-র পরিমাণ মোটরসাইকেলের সিসি (CC) এবং রেজিস্ট্রেশনের মেয়াদের ওপর নির্ভর করে। টাকা জমা দেওয়ার পর মূল ব্যাংক রসিদটি সংগ্রহ করুন।
৩. মোটরসাইকেল পরিদর্শন ও যাচাই
সব কাগজপত্র এবং ব্যাংক রসিদ নিয়ে আপনার সংশ্লিষ্ট বিআরটিএ (BRTA) সার্কেল অফিসে মোটরসাইকেলটি নিয়ে যেতে হবে।
সেখানে দায়িত্বরত পরিদর্শক মোটরসাইকেলের ইঞ্জিন নম্বর ও চ্যাসিস নম্বর যাচাই করে ফরমে স্বাক্ষর করবেন।
৪. আবেদনপত্র জমা ও বায়োমেট্রিক প্রদান
পরিদর্শনের পর সমস্ত কাগজপত্র বিআরটিএ-র নির্ধারিত কাউন্টারে জমা দিন।
কাগজপত্র সঠিক থাকলে আপনাকে একটি নির্দিষ্ট দিনে ছবি তোলা এবং আঙুলের ছাপ (Biometric) দেওয়ার জন্য ডাকা হবে।
বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার পর আপনাকে একটি প্রাপ্তি স্বীকারপত্র বা ‘অ্যাকনলেজমেন্ট স্লিপ’ দেওয়া হবে।
৫. নতুন স্মার্ট কার্ড সংগ্রহ
আপনার আবেদনটি অনুমোদিত হওয়ার পর স্মার্ট কার্ড প্রিন্টিংয়ের জন্য পাঠানো হয়।
কার্ড তৈরি হয়ে গেলে আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে।
তখন আগের দেওয়া স্লিপটি জমা দিয়ে বিআরটিএ অফিস থেকে আপনার নামে ইস্যু করা নতুন ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন।
মালিকানা পরিবর্তন এর খরচ
বিআরটিএ (BRTA) নির্ধারিত ফি
মোটরসাইকেলের সিসি অনুযায়ী মালিকানা পরিবর্তনের মূল ফি ভিন্ন হয়:
১০০ সিসি পর্যন্ত: প্রায় ৩,০২৮ টাকা (ডিজিটাল ব্লু-বুক এবং অন্যান্য চার্জসহ)।
১০০ সিসির ঊর্ধ্বে (যেমন: ১২৫, ১৫০ বা ১৬০ সিসি): প্রায় ৩,৫৬৫ টাকা (ডিজিটাল ব্লু-বুক এবং অন্যান্য চার্জসহ)।
যদি আপনার ডিজিটাল নম্বর প্লেট আগে থেকে না থাকে, তবে অতিরিক্ত প্রায় ২,২৬০ টাকা নম্বর প্লেটের জন্য জমা দিতে হবে।
সেক্ষেত্রে মোট খরচ ৫,২০০ থেকে ৫,৯০০ টাকার মতো হতে পারে।
অতিরিক্ত আনুষঙ্গিক খরচ
সরকারি ফি ছাড়াও কিছু বাড়তি খরচ রয়েছে যা আপনাকে মাথায় রাখতে হবে:
হলফনামা (Affidavit): ২০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বিক্রয় হলফনামা তৈরি করতে হবে।
নোটারি পাবলিক: স্ট্যাম্পটি নোটারি করতে ৩০০-৫০০ টাকা লাগতে পারে।
অন্যান্য: ফরম পূরণ, ছবি তোলা এবং ফটোকপি বাবদ আরও কিছু ছোটখাটো খরচ হতে পারে।
সাধারণ জিজ্ঞাসা
১. মালিকানা পরিবর্তন করতে কত দিন সময় লাগে?
আবেদন জমা দেওয়ার পর বায়োমেট্রিক (আঙুলের ছাপ) প্রদান করতে হয়। বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার পর সাধারণত ৩০ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে নতুন স্মার্ট কার্ড তৈরি হয়ে যায়।
২. বিক্রেতা যদি সশরীরে উপস্থিত হতে না পারেন, তবে কী করণীয়?
মালিকানা পরিবর্তনের সময় সাধারণত ক্রেতার উপস্থিতি বাধ্যতামূলক (বায়োমেট্রিকের জন্য)। তবে বিক্রেতার ক্ষেত্রে অন্তত ২০০ টাকার স্ট্যাম্পে নোটারি করা হলফনামা এবং স্বাক্ষরযুক্ত টিটিও (TTO) ফরম থাকা আবশ্যক।
৩. বাইকের মালিক মারা গেলে মালিকানা পরিবর্তনের নিয়ম কী?
মালিক মারা গেলে তার আইনগত ওয়ারিশদের কাছ থেকে 'ওয়ারিশান সনদ' সংগ্রহ করতে হয়।
এরপর সব ওয়ারিশের অনাপত্তিপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে উত্তরাধিকার সূত্রে মালিকানা পরিবর্তনের আবেদন করতে হয়।
৪. আমি কি অন্য জেলার বাইক নিজের জেলায় স্থানান্তর করতে পারব?
হ্যাঁ, সম্ভব।
এক্ষেত্রে প্রথমে আগের সার্কেল থেকে ফাইল ট্রান্সফারের অনুমতি নিতে হয় এবং এরপর বর্তমান সার্কেলে ফি জমা দিয়ে আবেদন করতে হয়।
৫. লোন বা কিস্তিতে কেনা বাইকের মালিকানা পরিবর্তন করা যায়?
যতক্ষণ না ব্যাংকের লোন বা কিস্তি সম্পূর্ণ পরিশোধ হচ্ছে এবং ব্যাংক থেকে 'দায়মুক্তি পত্র' (NOC) পাওয়া যাচ্ছে, ততক্ষণ মালিকানা পরিবর্তন করা যায় না।
উপসংহার
মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন করা একজন বাইক বিক্রেতার দায়িত্ব
একটি ব্যবহৃত বাইক কেনার পর দ্রুত মালিকানা বদল করা জরুরী।
এতে করে যেকোন ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।
সামান্য কিছু টাকা বা সময় বাঁচানোর জন্য এই গুরুত্বপূর্ণ কাজটি না করলে আপনি ভবিষ্যতে এমন এক জটিল সমস্যায় পড়তে পারেন, যা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না।
তাই আপনি যদি পুরাতন বাইক কারো কাছ থেকে কিনে থাকেন, থাহলে দ্রুত মালিকানা পরিবর্তনের জন্য প্রস্তুতি নিন।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট


