অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান করা এখন অনেক সহজ।
একটি জমি কেনা থেকে শুরু করে তার প্রকৃত মালিকানা বুঝে পাওয়া পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো খতিয়ান।
ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বর্তমানে এই পুরো প্রক্রিয়াটি ডিজিটাল হয়েছে।
আগে একটি খতিয়ানের কপি বা জমির তথ্য জানতে মানুষকে ভূমি অফিসে দৌড়াতে হতো বা টাকা খরচ করতে হতো।
কিন্তু বর্তমানে ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এই জমির খতিয়ান অনুসন্ধান করা যায়।
এই ব্লগের আমরা জানব, কিভাবে আপনি খুব সহজে অনলাইনে এই খতিয়ান অনুসন্ধান ও সংগ্রহ করতে পারেন।
খতিয়ান হলো জমির স্বত্ব বা মালিকানার একটি আইনি দলিল। একে সাধারণ ভাষায় ‘পর্চা’ও বলা হয়।
একটি নির্দিষ্ট মৌজায় একজন মালিকের কতটুকু জমি আছে এবং তার অবস্থান কোথায়, তার সরকারি হিসাবই হলো খতিয়ান।
একটি খতিয়ানে সাধারণত নিচের তথ্যগুলো থাকে:
১. জমির বর্তমান মালিক বা অংশীদারদের নাম।
২. জমিটি ঠিক কোন প্লটে অবস্থিত তার নির্দিষ্ট দাগ নম্বর।
৩. মোট জমির আয়তন (শতাংশ বা একর এককে)।
৪. জমিটি কী ধরনের (যেমন: নাল, ভিটি, ডোবা বা বাগান)।
৫. একাধিক মালিক থাকলে কার কতটুকু অংশ তা উল্লেখ থাকে।
কেন খতিয়ানের প্রয়োজন পড়ে
খতিয়ান ছাড়া জমির উপর আপনার অধিকার প্রমাণ করা প্রায় অসম্ভব।
অনলাইনে খতিয়ান অনুসন্ধান করার পূর্বে খতিয়ানের প্রয়োজনীয়তার গুলি দেখুন-
১. জমিটি আপনার বা আপনার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত—এটি প্রমাণের প্রধান ভিত্তি হলো খতিয়ান।
২. আপনি যদি জমি বিক্রি করতে চান,তবে অবশ্যই খতিয়ানের প্রয়োজন হবে।
৩. নামজারি করার জন্য আগের খতিয়ানের কপি বা সার্টিফাইড কপির প্রয়োজন হয়।
৪. জমি বন্ধক রেখে ব্যাংক থেকে লোন বা ঋণ নিতে চাইলে খতিয়ান লাগবে।
৫. জমির সীমানা বা মালিকানা নিয়ে কোনো বিরোধ তৈরি হলে আদালতে মামলা লড়তে খতিয়ান একটি অকাট্য প্রমাণ হিসেবে কাজ করে।
৬. বাবা বা দাদার মৃত্যুর পর ওয়ারিশদের মধ্যে জমি ভাগাভাগি করার সময় খতিয়ান দেখে অংশ নির্ধারণ করা হয়।
৭. ভূমি অফিসে জমির খাজনা দিতে গেলে খতিয়ান নম্বর বা পর্চা সাথে থাকা প্রয়োজন।
অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান করার উপায়
জমির মালিকানা নিশ্চিত করতে এবং যেকোনো আইনি বা প্রশাসনিক কাজে খতিয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল।
দেখে নিন এটি অনুসন্ধান করার সহজ ধাপসমূহ:
১. ওয়েবসাইটে প্রবেশ, সেবা নির্বাচন ও সার্ভে খতিয়ানের তথ্য দেওয়া
প্রথমে ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://land.gov.bd/ লিংকে ক্লিক করুন।
এরপর ভূমি সংক্রান্ত সেবা থেকে ‘ভূমি রেকর্ড ও ম্যাপ’ এ ক্লিক করুন।
‘সার্ভে খতিয়ান’ সিলেক্ট করে সার্ভে খতিয়ানের তথ্য থেকে বিভাগ, জেলা, উপজেলা/থানা, খতিয়ানের ধরন (সি এস/ আর এস/ এস এ), মৌজা ও খতিয়ানের তালিকা থেকে আপনার খতিয়ানের নম্বর দিয়ে ‘খুজুন’ বাটনে ক্লিক করুন।
এরপর আপনি আপনার খতিয়ানটি দেখতে পাবেন।
২. জমির খতিয়ান ঝুড়িতে রাখা
‘ঝুড়িতে রাখুন’ বাটনে ক্লিক করলে মেনুর ঝুড়িতে খতিয়ানটি যুক্ত হবে।
ঝুড়ি আইকনে ক্লিক করে আপনি অনলাইন কপি বা সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারবেন।
এর জন্য আবেদনের ধরন অনলাইন বা সার্টিফাইড যেকোন একটি সিলেক্ট করে আপনার খতিয়ানের বাম পাশের বক্সে টিক দিয়ে ‘চেকআউট করুন’ বাটনে ক্লিক করুন।
৩. রেজিস্ট্রেশন করা
এরপর নাগরিক সিলেক্ট করে ‘রেজিস্ট্রেশন’ বাটনে ক্লিক করুন।
আপনার নাম, মোবাইল নম্বর ও ক্যাপচা দিয়ে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে ভেরিফিকেশন কোড দিন। এরপর আপনার পাসওয়ার্ড সেট করে দিন।
এরপর আপনার মোবাইল ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
ড্যাশবোর্ড থেকে ‘প্রোফাইল’ অপশন সিলেক্ট করুন। এখান থেকে জাতীয় পরিচয়পত্র ‘যাচাই করুন’ বাটনে ক্লিক করুন।
এরপর আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিন। যাচাই করুন বাটনে ক্লিক করুন।
এরপর আপনার নাম, পিতার নাম, মাতার নাম লিখে ‘হালনাগাদ ও যাচাই’ বাটনে ক্লিক করুন।
এবার ড্যাশবোর্ড থেকে ‘ভূমি রেকর্ড ও ম্যাপ’ এ ক্লিক করুন। এখান থেকে আপনি ঝুড়ি আইকনে আপনার সিলেক্ট করা খতিয়ানটি দেখতে পাবেন।
খতিয়ান ও আবেদনের ধরন সিলেক্ট করে ‘চেকআউট’ বাটনে ক্লিক করুন।
৪. পেমেন্ট ও খতিয়ান ডাউনলোড
আবেদনের ধরন অফিস কাউন্টার সিলেক্ট করে ক্যাপচা দিয়ে ‘ফি পরিশোধ’ বাটনে ক্লিক করুন।
এখান থেকে আপনি বিকাশ, নগদ, রকেট বা যেকোনো একটি সিলেক্ট করে ‘Pay’ বাটনে ক্লিক করে পেমেন্ট করুন।
সাধারণত প্রতি খতিয়ানের জন্য ১২০ টাকা কাটবে।
অনলাইন কপি হলে, সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। আর সার্টিফাইড কপি পেতে ‘রশিদ ডাউনলোড’ বাটনে ক্লিক করে প্রিন্ট করে নিন।
এরপর ৭ থেকে ১০ দিন পর জেলা প্রশাসকের কার্যালয় বা ভূমি অফিস থেকে রসিদ দেখিয়ে মূল খতিয়ান সংগ্রহ করে নিন।
অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান করার সুবিধা
অনলাইনে জমির খতিয়ান বা পর্চা চেক করার সুবিধাগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে।
আগে একটি পর্চার জন্য কয়েকবার তহশিল অফিস বা ডিসি অফিসে যেতে হতো।
এখন আপনি ঘরে বসেই কয়েক মিনিটের মধ্যে খতিয়ানের তথ্য জেনে নিতে পারেন, যা আপনার যাতায়াত খরচ ও মূল্যবান সময় বাঁচায়।
এছাড়া অনলাইনে সরাসরি সরকারি পোর্টাল ব্যবহার করায় কোনো তৃতীয় পক্ষের প্রয়োজন হয় না।
ডিজিটাল সিস্টেমে তথ্য সরাসরি সরকারি ডাটাবেজ থেকে আসে, তাই এখানে তথ্যের গরমিল হওয়ার সম্ভাবনা কম থাকে।
এই ব্যবস্থায় আপনি দেশের বাইরে বা অন্য জেলায় থাকলেও আপনার পৈতৃক ভিটা বা কেনা জমির বর্তমান অবস্থা অনলাইনে দেখে নিতে পারছেন।
পাশাপাশি ডাউনলোড করে সংগ্রহ করতে পারছেন।
FAQ: অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান
১. অনলাইনে খতিয়ান চেক করতে কি কোনো টাকা লাগে?
না, শুধুমাত্র খতিয়ানের তথ্য (যেমন: মালিকের নাম, দাগ নম্বর বা অংশ) অনুসন্ধান বা দেখার জন্য কোনো ফি লাগে না।
তবে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি ডাউনলোড করতে সরকারি নির্ধারিত ফি (১২০ টাকা) দিতে হয়।
২. পর্চা আর খতিয়ানের মধ্যে পার্থক্য কী?
কার্যত কোনো পার্থক্য নেই। খতিয়ানের খসড়া বা অনুলিপিকে সাধারণ ভাষায় ‘পর্চা’ বলা হয়।
৩. দাগ নম্বর বা খতিয়ান নম্বর—কোনটি দিয়ে সার্চ করা ভালো?
আপনার কাছে যদি খতিয়ান নম্বর থাকে, তবে সেটি দিয়ে সার্চ করলে নিখুঁত ফলাফল পাওয়ার সম্ভাবনা ১০০%।
৪. অনলাইনে খতিয়ান খুঁজে না পেলে কী করণীয়?
যদি সঠিক তথ্য দেওয়ার পরও খতিয়ান না আসে, তবে বুঝতে হবে আপনার ওই মৌজার খতিয়ানগুলো এখনো ডিজিটাল ডাটাবেজে এন্ট্রি করা হয়নি।
সেক্ষেত্রে আপনাকে সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করতে হবে।
উপসংহার – অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান
পরিশেষে বলা যায়, বর্তমান ডিজিটাল বাংলাদেশে জমির খতিয়ান বা পর্চা অনুসন্ধান করা এখন আর কোনো জটিল বা সময়সাপেক্ষ কাজ নয়।
ঘরে বসে স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে পোর্টাল ব্যবহার করে খুব সহজেই জমির খতিয়ান যাচাই করা সম্ভব হচ্ছে।
এছাড়া যেকোন প্রয়োজনে এটি ডাউনলোড করে নেওয়া যাচ্ছে।
ভূমি সেবাকে জনসাধারণের হাতের মুঠোয় নিয়ে আসার এই উদ্যোগের ফলে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।
তাই ভূমি সংক্রান্ত যেকোনো লেনদেন বা আইনি জটিলতা এড়াতে নিয়মিত নিজের খতিয়ানের অনলাইন স্ট্যাটাস চেক করা উচিত।


